ত্রুটিযুক্ত আইফোন ১১ ডিসপ্লে বিনামূল্যে পাল্টে দেবে অ্যাপল
কিছু সংখ্যক আইফোন ১১ এর ডিসপ্লেতে টাচ সমস্যা দেখা দিয়েছে। নতুন রিপ্লেসমেন্ট প্রোগ্রামের আওতায় এই ডিসপ্লেগুলো বিনামূল্যে পাল্টে দেবে অ্যাপল। খবর এনগ্যাজেট।
এক বিবৃতিতে প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে, ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২০ সালের মে মাসের মধ্যে তৈরি হওয়া আইফোন ১১ এর ডিসপ্লে মডিউলে সমস্যা থাকার কারণে টাচ সমস্যা দেখা যাচ্ছে। সমস্যাটি সম্পর্কে বিস্তারিত তুলে না ধরলেও যাদের ফোনে এই সমস্যা রয়েছে তাদের অ্যাপলের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
কোম্পানির সাপোর্ট পেজে ইতিমধ্যে ত্রুটিযুক্ত ফোনের সিরিয়াল নাম্বার প্রকাশ করা হয়েছে। তাই ত্রুটিযুক্ত আইফোন ১১ ব্যবহারকারীদের উক্ত পেজে দেয়া ফোনের সিরিয়াল নাম্বারের সাথে নিজেদের ফোনের সিরিয়াল নাম্বার মেলানোর অনুরোধ করা হয়েছে।
এই প্রোগ্রামের আওতায় শুধুমাত্র উক্ত সময়ের মধ্যে তৈরি হওয়া আইফোন ১১ মডেলের ডিসপ্লেগুলোই বিনামূল্যে পরিবর্তন করে দেয়া হবে। অ্যাপলের অথরাইজড সেবাদাতা প্রতিষ্ঠান, অ্যাপল রিটেইল স্টোর অথবা অ্যাপল রিপেয়ার সেন্টার বা অ্যাপল সাপোর্টে যোগাযোগ করে এই ডিসপ্লে পরিবর্তন করানো যাবে।
আর যারা ইতিমধ্যে নিজেদের খরচে ডিসপ্লে পরিবর্তন করেছেন তা রিফান্ড পেতে অ্যাপলের সাপোর্টে যোগাযোগ করতে পারবেন।
ডিবিটেক/বিএমটি